জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট শহরে আধুনিক মানের খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘অমিও ফুড অ্যান্ড বেভারেজ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় শহরের কলেজ রোড এলাকায় নতুন কারখানার উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) জয়পুরহাট জেলা শাখার সভাপতি হাসিবুল আলম লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, দিশারি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, এবং হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার মুফতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয়ভাবে এমন মানসম্মত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা প্রশংসনীয় উদ্যোগ। এতে যেমন স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি জেলার মানুষও পাবেন বিশুদ্ধ ও মানসম্মত পণ্যের নিশ্চয়তা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, “অমিও ফুড অ্যান্ড বেভারেজ”-এর লক্ষ্য হলো স্থানীয় কাঁচামাল ব্যবহার করে দেশের বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পণ্য সরবরাহ করা। প্রতিষ্ঠানটি শুরুতে বিস্কুট, কেক, সফট ড্রিংকস, মিনারেল ওয়াটার, সস, জ্যাম, জেলি, ও স্ন্যাকস আইটেম উৎপাদন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।