দীঘিনালায় তারুণ্যের প্রাণচাঞ্চল্য—ইনডোর ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর দৃষ্টিনন্দন সূচনা।

মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

দীঘিনালার বিকেলটা ছিল উৎসবমুখর। উপজেলা মাঠে জমে উঠেছিল তরুণদের পদচারণা, দর্শকদের উচ্ছ্বাস আর খেলাধুলা কেন্দ্রিক প্রাণচাঞ্চল্য। এমন প্রাণবন্ত পরিবেশেই পর্দা উঠল ‘তারুণ্যের উৎসব ইনডোর ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ এর।

উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। আনুষ্ঠানিকভাবে মাঠে বল ছুঁড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, প্রধান শিক্ষক একে এম বদিউজ্জামান, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক সদস্য আলমগীর হোসেন, মনির আহমেদ (মনু)সহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইনামুল হাছান বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়—এটি তরুণদের সঠিক পথে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। নিয়মিত ক্রীড়া আয়োজন তাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখে।” তিনি শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান তৈরিতে খেলাধুলার ভূমিকাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ওসি মো. জাকারিয়া বলেন, “তারুণ্যের সম্ভাবনাকে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতেও ক্রীড়া কার্যক্রম অত্যন্ত কার্যকর।”

এবারের ইনডোর ফুটবল আসরে ৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

নিউজটি শেয়ার করুন