মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-
দূর্গম সীমান্তাঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এর নির্দেশনায় নিউথাংনাং বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
এদিন নিউথাংনাং ও বেথলিংপাড়া এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে পৃথক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা চোরাচালান কার্যক্রম সংঘটিত না হয়—সে বিষয়ে ব্যাপকভাবে স্থানীয়দের অবহিত করা হয়। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সন্দেহজনক যে কোনো তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়।
স্থানীয় পাহাড়ি বাসিন্দারা ৫৪ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।