ইমরান খান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃষকলীগ নেতা ও সদ্য স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দোলনকে স্বৈরাচারী শাসনব্যবস্থার সহযোগী ও খুনি হাসিনার দোসর আখ্যা দিয়ে তার দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও যুবক অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে এবং ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী শাসনামলে সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন মুখোশ পরে আবারও নির্বাচনের মাঠে নামার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করেছে—তাদের রাজনীতিতে ফেরার কোনো নৈতিক অধিকার নেই। দোলনের মতো স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বোয়ালমারীসহ সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।