মু.মেসবাহ্ উদ্দিন
কালকিনি প্রতিনিধি:-
মাদারীপুরের কালকিনি উপজেলার ১৭১নং দক্ষিণ ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগমের উপর স্থানীয় দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে।
ঘটনা ঘটে বিদ্যালয় চলাকালীন সময়ে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল মাঠের পাশে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করতে গেলে কিছু লোকজন প্রধান শিক্ষিকার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন।
পরে শাহানারা বেগম থানায় মামলা করতে গেলে, কালকিনি থানার ওসি মামলা গ্রহণ না করে তাকে জিডি করতে বাধ্য করেন।
এ ঘটনায় এলাকায় শিক্ষক সমাজ ও অভিভাবক মহলে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা জানান, একজন প্রধান শিক্ষিকার উপর হামলার মতো ঘটনা ঘটার পরেও মামলা না নিয়ে জিডি গ্রহণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
স্থানীয় সচেতন মহল এবং শিক্ষক সমাজ দাবি করেছেন— অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা সতর্ক করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে সারা বাংলার শিক্ষক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে।