পানছড়ি প্রতিনিধঃ-
শারদীয় দূর্গা পূজা-২০২৫ উপলক্ষ্যে গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)এবং লোগাং জোন এর দায়িত্বাধীন ১০টি পূজা মন্ডপে চলমান পূজা অনুষ্ঠান নির্বিঘ্নে, উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে সম্পন্নের নিমিত্তে অত্র ইউনিট ও লোগাং জোনের পক্ষ হতে পূজা মন্ডপসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
উক্ত নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে পূজা মন্ডপসমূহে বিজিবি কর্তৃক নিয়মিত টহল পরিচালনা, আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশী জোরদার, গোয়েন্দা নজরদারী এবং পূজা মন্ডপসমূহের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও নিরাপত্তার ব্যাপারে কোন প্রকার বিঘ্নের সম্মুখীন হলে বিজিবি কর্তৃপক্ষ পূজা মন্ডপে নিরাপত্তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে মর্মে অবহিত করা হয়েছে।
এছাড়াও পুজা মন্ডপসহ পানছড়ি উপজেলায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা নির্বিঘ্ন করতে ড্রোনের মাধ্যমে এলাকা পর্যবেক্ষণ এবং অত্র ইউনিটের লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি কর্তৃক চেক পোষ্টে বডি অর্ন ক্যামেরা ব্যবহার করে সন্দেহজনক চলাচল রোধে যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি এলাকায় কোন গণজমায়েত সৃষ্টি হলে সেখানকার পরিস্থিতির উপর গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক উক্ত পদক্ষেপসমূহ গ্রহণের ফলে খাগড়াছড়ি জেলা সদর ও পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় সৃষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতেও পানছড়ি উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এতদবিষয়ে অত্র ইউনিট ও লোগাং জোনের মাধ্যমে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও ইউনিটের দায়িত্বপূর্ণ পানছড়ি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষে অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অত্র ইউনিটের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) দায়িত্বপূর্ণ এলাকার পূজা মন্ডপ সমূহ সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন। তিনি পূজা মন্ডপ এলাকাসহ পানছড়ি উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করে স্থিতিশীল পরিস্থিতির জন্য অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পূজা অনুষ্ঠান সুষ্ঠু, নিরাপদ ও আনন্দমূখর করতে এবং পানছড়ি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত পূজা অনুষ্ঠান ও খাগড়াছড়ি এলাকার পরিস্থিতির সুযোগ গ্রহণ করে যাতে কোন দুষ্কৃতিকারী তাদের নিজস্ব গোষ্ঠী বা সংগঠনের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য স্থানীয় এলাকাবাসীসহ পূজা সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করার জন্য অনুরোধ জানান। তাছাড়াও, পূজা অনুষ্ঠান চলাকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনায় যাতে বিঘ্ন না ঘটে এবং পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষে পূজা উদযাপন কমিটির সকলকে নামাজ চলাকালীন মাইকের আওয়াজ সীমিত রাখার ব্যাপারেও আহ্বান জানানো হয়। পূজা মন্ডপসমূহে এবং মন্ডপের আশেপাশের এলাকায় যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য স্থানীয় জনসাধারণকে সার্বিক সহযোগিতা করা এবং দূর্গা পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অধিনায়ক ও জোন কমান্ডার সকলকে অনুরোধ করেন। পরিশেষে, তিনি পানছড়ি এলাকায় পাহাড়ী-বাঙ্গালী বিভেদ সৃষ্টি না করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এই পরিচয় ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানান।