জয়পুরহাট প্রতিনিধিঃ-
জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ।
বক্তারা বলেন, জাতীয় সনদের আলোকে দেশের সার্বিক সংস্কার এখন সময়ের দাবি। পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। তারা বলেন, সংসদে উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতি চালু করতে হবে, যাতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয়।
বক্তারা আরও বলেন, পতিত সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, দেশের একটি বড় রাজনৈতিক দল এখনো পি.আর. পদ্ধতি পুরোপুরি না বুঝলেও সময় ও বাস্তবতার প্রেক্ষাপটে তারা একমত হবেন।
বৈঠকে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় সনদের আলোকে প্রস্তাবিত এই পাঁচ দফা দাবি ভবিষ্যতে দেশের গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।