ইমরান খান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের হুমায়ুন কবিরের ১২০ শতাংশ পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে কেয়াকগ্রামের পিলু বোস, স্থানীয় যুবদল নেতা বকুল, যুবলীগের সহসভাপতি বাচ্চু বিশ্বাস ও যুবলীগ সদস্য বিলায়েত বারীর বিরুদ্ধে। অভিযোগকারী হুমায়ুন কবির জানান, তাদের পরিবার প্রায় ৮০ বছর ধরে উক্ত জমিতে চাষাবাদ করে আসছে এবং জমিটির সিএস, এসএ, মাঠ রেকর্ড ও দলিলসহ সমস্ত বৈধ কাগজপত্র তাদের দখলে রয়েছে।
হুমায়ুন কবিরের দাবি, সম্প্রতি অভিযুক্তরা দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে তাদের লাগানো হলুদ লাউ, মরিচ, শিমসহ বিভিন্ন সবজি গাছ তুলে ফেলে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। জমিটির খতিয়ান নং সিএস ২১১৬, এসএ ২১৬১, ২১৫৯ ও ২১৭২ অনুযায়ী মোট ১২০ শতাংশ জমি তাদের দখলে রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে কৃষিকাজ চালিয়ে আসছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে জানান, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের জড়িত থাকার কারণে ভুক্তভোগী পরিবার ভয়-ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিতে ফসল নষ্টের চিহ্ন স্পষ্ট এবং পরিবারটি প্রশাসনের সহায়তা কামনা করছে।
ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, “আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী মহল জোর করে জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত পিলু বোস, বকুল, বাচ্চু বিশ্বাস ও বিলায়েত বারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।