চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভোগান্তিতে রশিদপুর ইউনিয়নের জনগণ,,

মো: লিটন রাজ, জামালপুর জেলা প্রতিনিধিঃ-

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খন্দকার ফজলুল হক ৫ আগস্টের পর থেকে দীর্ঘ সময় ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পরিষেবা নিতে এসে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ছেন।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয়রা জানান, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, বয়স্ক ও বিধবা ভাতার নবায়ন, বিভিন্ন ভাতা সংক্রান্ত সুপারিশসহ নানান প্রশাসনিক কাজে চেয়ারম্যানের উপস্থিতি না থাকায় সেবা নিতে গিয়ে প্রতিদিন তাদের হয়রানি ও সময় নষ্ট হচ্ছে। অনেক সময় সচিব ও সদস্যরা অসহায়ভাবে ফিরে যাচ্ছেন জনগণের চাপ সামাল দিতে না পেরে।

স্থানীয় সচেতন মহল জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদ পরিচালনা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, জনসাধারণের অভিযোগ গ্রহণ ও উন্নয়নমূলক কাজের তদারকি করা চেয়ারম্যানের সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব। অথচ দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।

আইন অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধি কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত টানা ৩০ কর্মদিবস পরিষদে অনুপস্থিত থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায়।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক করতে হবে এবং অনুপস্থিত চেয়ারম্যানের বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তারা আরও জানান, জনগণের প্রত্যাশা— নির্বাচিত প্রতিনিধি জনগণের কল্যাণে কাজ করবেন, অফিসে উপস্থিত থেকে তাদের সমস্যার সমাধান করবেন। কিন্তু রশিদপুর ইউনিয়নে সেই প্রত্যাশা আজ ভঙ্গুর হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন । তবে সাধারণ মানুষের দাবি— রশিদপুর ইউনিয়ন পরিষদে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে প্রশাসনের তৎপরতা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন