ফরিদপুরের বোয়ালমারীতে ৩৪৮ কার্ডধারীর মাঝে সুলভ মূল্যে চাল বিতরণে স্বচ্ছতা ও সন্তুষ্টি,

ইমরান খান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩৪৮ জন কার্ডধারী সুবিধাভোগীর মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে

বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয় ব্যবসায়ী মো. ইব্রাহীম শেখ সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কার্ডধারী প্রতি কেজি ১৫ টাকায় নির্ধারিত পরিমাণে চাল সংগ্রহ করেন। চাল বিক্রির দায়িত্বে ছিলেন স্থানীয় ডিলার বিপ্লব বিশ্বাস, যিনি সম্পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করেন।

ডিলার বিপ্লব বিশ্বাস বলেন, “সরকারের নিয়ম অনুযায়ী প্রতি কেজি ১৫ টাকায় চাল বিক্রি করেছি। কেউ কম চাল পাননি, অতিরিক্ত টাকা নেওয়া হয়নি।”
পরিচালক ইব্রাহীম শেখ বলেন, “আমরা তালিকা অনুযায়ী সবাইকে চাল দিয়েছি। কেউ উপস্থিত না থাকলে ফোনে যোগাযোগ করে তাদের চাল পৌঁছে দেওয়া হয়েছে।”

সুবিধাভোগী মো. শাহাজালাল মুনশী বলেন, “আমরা নিয়ম অনুযায়ী চাল পেয়েছি।”
মোছা. মায়া আক্তার জানান, “১৫ টাকায় চাল পাওয়া আমাদের জন্য বড় স্বস্তি।”
রাজ্জাক শেখ বলেন, “যারা আসতে পারেননি, তাদেরকেও ফোনে যোগাযোগ করে চাল দেওয়া হচ্ছে।”

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ইসমাইল হোসেন ও চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বিতরণ কার্যক্রমের প্রশংসা করে বলেন, “কোনো অনিয়মের সুযোগ রাখা হয়নি।”

সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি গ্রামীণ দরিদ্র মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন