দীঘিনালা উপজেলা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বাংলাদেশ স্কাউটস, দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, দীঘিনালা উপজেলা শাখার সেক্রেটারী মো: আক্কাস আলী (মাস্টার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটসের উপজেলা শাখার সভাপতি তানজিল পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা লাফ্রচাই মারমা, অনাথ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক এবং সহকারী কমিশনার এ কে এম বদিউজ্জামান জীবন।এসময় দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো: আল আমিনসহ স্কাউটসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্কাউট সদস্য, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
আয়োজকরা জানান, স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।