আওয়ামী স্টাইলে নির্বাচন আর নয়: মাওলানা রফিকুল ইসলাম খান।

জয়পুরহাট প্রতিনিধি:-

“বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে সকল ইসলামি ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হবে। জামায়াত একটি মানসম্মত জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।” – মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, “দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে অবশ্যই PR (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এটি হলে বাংলাদেশ অসুস্থ নির্বাচনী ধারা থেকে বের হয়ে আসবে। কালো টাকার প্রভাব, ভোট ডাকাতি এবং নির্বাচনী জালিয়াতি বন্ধ হবে। জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা ষান্মাসিক সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, জেলা জামায়াত নেতা এডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের এমপি পদপ্রার্থী রাশেদুল ইসলাম সবুজসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। জনগণ আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন ও ভোট ডাকাতির নির্বাচন আর চায় না। একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন