জয়পুরহাটে পরকীয়ার জেরে হামলা, যুবক হাসপাতালে,,

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে এক ব্যক্তির ওপর রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। এতে আব্দুল আজিজ (৩০) গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী লাবিয়া বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীর সঙ্গে প্রতিবেশী এক নারীর অবৈধ সম্পর্ককে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে। এর আগে স্থানীয়ভাবে টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।

আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, ওই নারী বিদ্যুতের কাজ করানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে মিথ্যা অভিযোগ তোলে। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হলেও পুনরায় এ হামলার শিকার হন তিনি।

অভিযুক্ত হিসেবে স্থানীয় আব্দুর রহিমের ছেলে আব্দুল কুদ্দুস ও রবিউল ইসলামের নাম উঠে এসেছে। তারা বর্তমানে পলাতক রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন