৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

জয়পুরহাট প্রতিনিধিঃ-

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ ডা. আবুল কাশেম মাঠে মিছিলের পূর্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, শহর আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা সাইদুর রহমান, শহর নায়েবে আমীর আব্দুর রহিম, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, এবং কালাই উপজেলা আমীর মুনছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য ঘোষিত ৫ দফা গণদাবি আজ সময়ের অনিবার্য দাবি। তারা সরকারের প্রতি আহ্বান জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করতে হবে এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের ব্যবস্থা করতে হবে।

প্রধান অতিথি জেলা আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, “জুলাই জাতীয় সনদ জনগণের প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রতীক। এ সনদের বাস্তবায়ন বিলম্বিত হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। সরকারকে অবিলম্বে গণদাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করতে হবে।”

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহীদ ডা. আবুল কাশেম মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকায় ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ।

নিউজটি শেয়ার করুন