মো: আল আমিন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্পের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, সাংবাদিক মো. সোহেল রানা, খাগড়াছড়ি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও শিশুর ক্ষমতায়ন প্রকল্পের দীঘিনালা উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর পিপি রানী ত্রিপুরা এবং শিক্ষক মিঠু চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নারীরা মিছিল করেন। পরবর্তীতে ১৯৭৫ সালে আন্তর্জাতিকভাবে দিবসটি স্বীকৃতি লাভ করে। এরপর থেকে বিশ্বব্যাপী নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিবসটি পালন করা হচ্ছে।
তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামের নারীরাও এখনো নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত। সমাজ, রাষ্ট্র ও স্থানীয় শাসন ব্যবস্থায় প্রচলিত বিভিন্ন আইন, রীতি-নীতি ও বৈষম্যের বিরুদ্ধে নারীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন।
নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।