দীঘিনালায় জ্বালানি সংকট ও অতিরিক্ত ভাড়া রোধে যৌথ বাহিনীর অভিযান

মো. আল আমিন, দীঘিনালা (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চলমান জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মাইদুল ইসলাম, দীঘিনালা থানার উপ-পরিদর্শক চয়ন শীল এবং সহকারী উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বর্তমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কোনো অসাধু মহল যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া সিএনজি ও মাহিন্দ্র চালক এবং লাইনম্যানদের অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জরিমানার আওতায় আনার কথা জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি আইন মেনে যানবাহন চলাচলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন