রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগ, বসতঘর ভেঙে মালামাল লুট ও ঘর নির্মাণ,,

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে আদালতের চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি তালাবদ্ধ বসতঘর ভেঙে মালামাল লুট এবং বিরোধপূর্ণ জমিতে নতুন করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী মো. হেমায়েত উদ্দিন বাচ্চু মোল্লা উপজেলার তুলাতলা এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মো. জাকির হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. দেলোয়ার হোসেন।

অভিযোগে বলা হয়েছে, চাকরির কারণে হেমায়েত উদ্দিন পরিবারসহ ফরিদপুরে বসবাস করেন। তার অনুপস্থিতির সুযোগে গত সোমবার অভিযুক্তরা লোকজন নিয়ে তার তালাবদ্ধ বসতঘর ভেঙে ভেতরে থাকা মালামাল নিয়ে যায় এবং ওই জমিতে নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করে। পরে বিষয়টি জানতে পেরে তিনি রাজাপুরে এসে আইনের আশ্রয় নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর দাবি, জমিটি নিয়ে ২০২৪ সালের ২৬ মে ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের হয় এবং বর্তমানে ওই মামলায় আদালতের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষও জমি-সংক্রান্ত মামলার বিষয়টি স্বীকার করে বলে তিনি জানান।

তবে বসতঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. জাকির হোসেন বলেন, “জায়গাটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তবে সেটি তাদের জন্য, আমাদের জন্য নয়। তাই আমরা এখানে ঘর নির্মাণ করছি।”
এ বিষয়ে রাজাপুর থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিরাজ হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন