টিকিট না দেওয়ায় স্টেশন মাস্টারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

মোঃ লিটন রাজ, জামালপুর জেলা প্রতিনিধি

ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলস্টেশনে দায়িত্ব পালনকালে টিকিট মাস্টার দেওয়ান হারুন সালাফীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ মার্চ) ভোর রাত ৩টা ৫২ মিনিটের দিকে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত টিকিট মাস্টার দেওয়ান হারুন সালাফী জানান, তিনি সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার কাছে সিটের টিকিট চান। তিনি তাদের জানান, মোবাইল নম্বর ছাড়া সিটের টিকিট কাটা সম্ভব নয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে যেকোনোভাবে সিটের টিকিটের ব্যবস্থা করতে চাপ দেন।
তিনি আরও বলেন, এতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে একজন হাতে থাকা স্টিলের টর্চলাইট দিয়ে তার মাথায় জোরে আঘাত করেন। এতে তার মাথা কেটে যায় এবং তিনি র/ক্তা/ক্ত হয়ে পড়েন।
এ ঘটনায় আনোয়ার হোসেন ফকির (পিতা: মৃত আব্দুল কাদের ফকির), তার ছেলে রিয়াদ ফকিরসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই বিদ্যাগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহত হারুন সালাফী উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন