আব্দুল হাই, পাঁচবিবি প্রতিনিধিঃ-
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক বালিকা দাখিল মাদ্রাসায় বাংলাদেশ সরকারের পি বিজিএসআই স্কিমের আওতায় সুবিধাবঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন ও মেধাবী ২০ জন ছাত্রীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোহাম্মদ আছির উদ্দিন মণ্ডল। সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আব্দুল লতিফ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব রোমানা রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মিজানুর রহমান খান এবং শিক্ষা বিভাগের সহকারী প্রকৌশলী জনাব এটিএম ওহিদুল আহাদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ আব্দুল হাই, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান যুগে মেয়েরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে। আজকের মনোরম পরিবেশে এসে আমি মুগ্ধ। শিক্ষার্থীরা যেন এই প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করে, বিশেষ করে শিক্ষার প্রয়োজনীয় উপকরণ কিনতে ব্যয় করে। সকলে পড়াশোনায় মনোযোগী হয়ে এ প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়াবে—এটাই আমার প্রত্যাশা।”
পরে তিনি ২০ জন ছাত্রীদের হাতে ৫,০০০ টাকা করে চেক তুলে দেন।