ইমরানখান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-
ফরিদপুরের বোয়ালমারীতে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক অধিকারকর্মীদের অন্যায়ভাবে আটক করার প্রতিবাদে শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে তৌহিদী জনতার উদ্যোগে এই জোরালো কর্মসূচি পালিত হয়।
বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিবাদী মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
বক্তাদের কণ্ঠে ইসরায়েলি গণহত্যার নিন্দা
সমাবেশে বক্তারা ইসরায়েলকে ফিলিস্তিনে ইতিহাসের ‘অন্যতম ভয়াবহ গণহত্যা’ চালানোর দায়ে অভিযুক্ত করেন। তাঁরা বলেন, ইসরায়েলের আগ্রাসনে ইতোমধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি জনগণকে খাদ্য, চিকিৎসা এবং মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা জানান বক্তারা।
আলোচনায় বোয়ালমারীর কৃতি সন্তান শহিদুল আলম
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আলোচিত হয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভূমধ্যসাগরে ইসরায়েল কর্তৃক আটক হওয়া ৪৪টি নৌযানের অধিকারকর্মীদের মধ্যে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন বোয়ালমারীর কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলম। বক্তারা ফ্লোটিলায় অংশ নেওয়ায় তাঁর সাহসিকতার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মহলের কাছে আটক অধিকারকর্মীদের মুক্তির দাবি জানান।
নেতৃস্থানীয়দের অংশগ্রহণ
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্বাস আলী, পৌর জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মুশফিকুর রহমান, ফরিদপুর জেলা শিবিরের কলেজ সম্পাদক ওহিদুজ্জামান, পৌর শিবির সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক তুরাণ আহমেদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। এই প্রতিবাদী কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার জোর দাবি জানানো হয়।