নিরাপদ শিশুর হাসি: সাঁতারে স্বপ্ন দেখছে বোয়ালমারীর ক্ষুদে যোদ্ধারা,,

ইমরান খান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-

শিশুদের পানিতে নিরাপত্তা নিশ্চিত করা ও শারীরিক বিকাশে সহায়তা করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে বোয়ালমারী মুসলিম মিডিয়া ক্লাব।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আল হেলাল কমপ্লেক্সের সামনে অর্গানিক মাছের পুকুরে শিশুদের সাঁতার শেখার কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় লাইফ জ্যাকেট।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন মুসলিম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক জনাব মো. রিজাউল হক।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন—

প্রতিটি শিশুরই সাঁতার শেখা অত্যন্ত জরুরি। সাঁতার জানা মানে শুধু একটি দক্ষতা নয়—এটি জীবনের নিরাপত্তা। আমরা চাই, আমাদের উপজেলায় যেন কোনো শিশুই সাঁতার না জানার কারণে দুর্ঘটনার শিকার না হয়।

তিনি আরও বলেন—

মুসলিম মিডিয়া ক্লাব সবসময় সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। আমরা চাই, প্রতিটি শিশুকে ধীরে ধীরে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করেন। তারা জানান—

এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের সন্তানরা আনন্দের সঙ্গে সাঁতার শিখছে—এতে তারা যেমন আত্মবিশ্বাসী হচ্ছে, তেমনি পানির ভয়ও কাটছে।”

লাইফ জ্যাকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা জানায়—

“আমরা আগে পানিতে নামতে ভয় পেতাম, এখন আর ভয় লাগে না। সাঁতার শেখা খুব মজার!”

শিশুদের হাসি-আনন্দে পুরো পরিবেশটি মুখরিত হয়ে ওঠে। উপস্থিত অতিথি ও পথচারীরাও উপভোগ করেন এই আনন্দঘন মুহূর্ত।
বোয়ালমারী মুসলিম মিডিয়া ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে শিশুদের জীবনে নিরাপত্তা ও আত্মবিশ্বাসের নতুন স্বপ্ন জাগাচ্ছে।

নিউজটি শেয়ার করুন