খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-
জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর ঈদগাহ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি, ছাত্রযোদ্ধা হারিচুর রহমান রনি এবং শাহনেওয়াজ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে এ নৃশংস হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত ওসমান হাদির সুস্থতা কামনা করি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। তারা আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছিলেন ওসমান হাদি। তিনি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও পরিচিত।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর সিদ্ধান্ত হয়।