স্টাফ রিপোর্টার।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম নীতি দত্ত চাকমা (পরিচালক, ইউপিডিএফ গণতান্ত্রিক পানছড়ি)।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে পানছড়ি উপজেলার বিজু মেলার পয়েন্ট সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নীতি দত্ত চাকমা স্থানীয় লোকজনের সঙ্গে বিজু মেলা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি, যারা মুখ বাঁধা অবস্থায় ছিল, ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পানছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর জিরোমাইল এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপিডিএফ মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারাই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহত নীতি দত্ত চাকমার মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।