নয়ানগর ঘাটে অবৈধ বালু উত্তোলনরাজনৈতিক প্রভাবের অভিযোগে পরিবেশ ও জনজীবনে চরম বিপর্যয়
মোঃ লিটন রাজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ব্রহ্মপুত্র নদী ঘাটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রকাশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, মো. ওবায়দুল নামের এক ব্যক্তি নিজেকে প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে ব্রহ্মপুত্র নদী এবং আশপাশের ফসলি জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। এতে নদীর তীর ভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে ফসলি জমি নষ্ট হয়ে পড়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এদিকে, বালুবাহী ট্রাকগুলো ঢাকনা ছাড়া এবং নিয়মবহির্ভূতভাবে সড়কে চলাচল করছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব যানবাহনের বেপরোয়া গতির কারণে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ধুলাবালুর কারণে রাস্তার পাশের বসতবাড়ির বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন বাড়ছে জনমনে ক্ষোভ ও উদ্বেগ।
এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।