হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত,,

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ)

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুক নির্মূল, এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও দুর্নীতি প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ ডেঙ্গু ও হাম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ​

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। ​অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। ​

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন