মাদারীপুর প্রতিনিধি:
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মুফতি আব্দুস সোবহান খান, এনপিপি নেতা হাসিবুল্লাহ্, ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা সভাপতি মোঃ রিফাত হোসেন, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মৃধা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান এবং জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন। এনসিপির নেতা হাসিবুল্লাহ্ অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে বেঈমানী করছে। সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এ সময় শিবির জেলা সভাপতি মোঃ রিফাত হোসেন বলেন, “ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, আপনারা সংশোধন হয়ে যান।”
মিছিল শেষে সমাপনী বক্তব্যে জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।