জয়পুরহাট প্রতিনিধিঃ-
“সুস্থ সংস্কৃতির শুভ্র আলোয় দূর হয়ে যাক আধার কালো” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ইসলামী গানের বৃহত্তম রিয়ালিটি শো ‘কণ্ঠে তোল সুর’ সিজন-১ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্ভাবন সাহিত্য সংসদ আয়োজন করে এ অনুষ্ঠান।
ওমর ফারুক শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন দেশের জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী ওবায়দুল্লাহ তারেক। তাঁর হৃদয়ছোঁয়া পরিবেশনায় উঠে আসে ইসলামী ভাবধারা, মানবিকতা ও নৈতিকতার বার্তা, যা শ্রোতাদের গভীরভাবে নাড়া দেয়।
উদ্ভাবন সাহিত্য সংসদের পরিচালক তানভির আহমেদ দীপ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সসাস এর নির্বাহী পরিচালক হাফেজ আবু মুসা, বিশেষ অতিথি ছিলেন সসাস এর কেন্দ্রীয় প্রকাশনা ও ফাউন্ডেশন সম্পাদক মো: মিনার উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান সাইদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন উদ্ভাবন এর চেয়ারম্যান মো: তারেক হোসেন।
বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবতা ও আদর্শের পথে পরিচালিত করতে পারে। সামাজিক অবক্ষয়ের এই সময়ে সুস্থ ধারার সাংস্কৃতিক আয়োজন জাতিকে আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, সনদ ও বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার।
পুরো অনুষ্ঠানটি শেষ হয় ওবায়দুল্লাহ তারেকের অনবদ্য ইসলামী সংগীত পরিবেশনার মাধ্যমে, যা দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে।