মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা খীসা, থানার উপ-পরিদর্শক রাজিব শেখ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পাড়াকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে প্রথম দিনে ৩টি ইউনিয়নে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় মোট ১১ হাজার ২৮৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনটি সোমবার থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এরপর এক সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
মোট ১১ দিনব্যাপী এই এমআর ক্যাম্পেইন পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।